। মুক্তির স্বাদ।
তুমি বিচ্ছেদ চাইলে, আমি নিঃশব্দে মুক্ত করে দেবো
জোর করেআর কতকাল মায়ার শিকলটেনেনেবো?
বারবার বিবাহ আর বিচ্ছেদের এই নিষ্ঠুর খেলায়,
মত্ত থেকেছো তুমি, নিজেকে হারিয়েছো অবহেলায়।
তবুও আমি চাইনি তোমাকে মায়ার জালে আটকে রাখতে,
চাইনি বিষাদমাখা কোনো মিথ্যে ঘর একলা আঁকতে।
যদি পাশে থাকতে চাও, তবে থেকো কেবল ইচ্ছের টানে—
না থাকতে চাইলে পথ খোলাই আছে, পিছুটান নেই কোনোখানে।
ঘর ভাঙতে চাইলে ভাঙো, আমি নতুন এক ঘর বাঁধবো,
তুমি কাঁদতে চাইলে, আমি একলা নিজের ভেতর কাঁদবো।
জোর করে তো আর মনের দুয়ার খোলা যায় না বারবার—
তবুও থাকবো দাঁড়িয়ে আমি, উন্মুক্ত রেখে হৃদয়ের দ্বার।
(১)
আমি চাইনি তোমার অধিকারে আমার নাম থাকুক,
চেয়েছি শুধু তোমার হাসিতে আমার ছায়া থাকুক।
যদি বিচ্ছেদই হয় তোমার সুখের চাবিকাঠি—
তবে আমিই হবো সেই মরুময় ধূসর মাটি।
তুমি দূরে গেলে আমি আকাশ হয়ে আগলাবো,
পাহাড় হয়ে তোমার সব ঝড়গুলো সামলাবো।
তবুও বলব না "ফিরে এসো মোর ঘরে"—
পীরিতি বাঁচে মুক্তির আনন্দে, অধিকারে
(২)
তুমি ভাঙার নেশায় মত্ত হলে হও, তাতে ক্ষতি নেই—
আমি গড়ার কারিগর, স্বপ্ন বুনি এই পথে এভাবেই।
একবার নয়, শতবার যদি ভাঙো এই খেলাঘর,
আমি ততোবারই বাঁধবো বুক, হবো না তো কাতর।
ঘর মানে তো শুধু দেওয়াল আর ছাদ নয়,
ঘর মানে আত্মবিশ্বাস, যেখানে নেই কোনো ভয়।
তুমি বিচ্ছেদ মেখে সুখে থাকো নিজ ভুবনে—
আমি ঘর বেঁধে যাবো একলা মনের নির্জনে।
(৩)
না হয় থাকল না কোনো আইনি দলিলে সই,
না হয় আমরা একে অপরের কেউ নই।
পাশে থাকার জন্য কি শুধুই বাঁধন প্রয়োজন?
মুক্ত থেকেও তো মেলা যায় দুটি বিবাগী মন।
তুমি মুক্ত বিহঙ্গ হও, ওড়ো অসীম নীলিমায়—
আমি থাকবো তোমার শেষ বিকেলের ছায়ায়।
জোর করে তো আর কাউকে রাখা যায় না পাশে,
যে থাকার সে ঠিকই থাকে, নিভৃতে ভালোবেসে।
(৪)
যদি বুঝতে না পারো আমার চোখের ভাষা,
তবে থাক পড়ে সব পুরোনো দীর্ঘশ্বাস আর আশা।
জোর করে তো আর বোঝানো যায় না নিজেকে—
তুমি বরং খুঁজে নাও অন্য কোনো পথ বা বাঁককে।
আমি বিচ্ছেদের মিছিলে সামিল হবো না কখনো,
তবুও যদি যেতে চাও, তবে যেও না থমকানো।
মুক্ত করে দিলাম আজ সব অলীক পিছুটান,
আমার নীরবতাই হোক তোমার বিচ্ছেদের গান।
(৫)
বারবার আসা আর যাওয়ার ক্লান্তিকর খেলায়,
কতটা যে ক্ষয় হলো মন, কাটলো অবহেলায়—
তুমি এসেছ বারবার, আবার চলে গেছ দূরে,
আমি শুধু গেয়েছি গান একই করুণ সুরে।
এখন আমি শিখে গেছি একলা পথ চলা,
শিখে গেছি না বলা কথাগুলো মনেই রাখা।
তুমি ঘর ভাঙতে চাইলে আজ আর নেই মানা,
আমার গড়ার হাত যে তোমার অনেক আগে চেনা।
(৬)
ঘর মানে যদি হয় চার দেওয়ালে বন্দি থাকা,
সেই ঘরে আমি চাই না মায়ার আলপনা আঁকা।
তুমি থাকতে চাইলে থাকো শুধু মনের টানে,
না চাইলে পিছু ডেকো না কোনো মেকি অভিমানে।
আমি তোকে আটকাবো না কোনো আইনি ডিক্রিতে,
রাখবো না বন্দী কোনো মিথ্যে স্বীকৃতির স্মৃতিতে।
যেখানে মুক্তি নেই, সেখানে প্রেম হয় না কভু—
বিচ্ছেদই যদি মুক্তি হয়, তবে তাই হোক বিভু।
(৭)
তুমি চলে গেলে কি খুব বেশি আঁধার নামবে?
নাকি আমার বুকের সব চেনা স্পন্দনগুলো থামবে?
না, পৃথিবী যেমন ঘোরে ঠিক তেমনই ঘুরবে রোজ—
শুধু তুমি হয়তো পাবে না আর এই আমার খোঁজ।
নিজের জন্য এক জগত সাজিয়ে নেবো আমি,
সেখানে কষ্টের রংগুলো হবে খুব কম দামী।
তুমি বিচ্ছেদ চেয়েছ বলে আমি আজ মুক্ত—
নিজেরই প্রেমে আমি আজ ভীষণভাবে যুক্ত।🥴

কোন মন্তব্য নেই